বিএনপির সংসদ সদস্যের পদত্যাগের ফলে শূন্য হওয়া চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, ভোলাহাট, নাচোল) আসনে উপনির্বাচন করতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তিনি শারমিন আক্তার নিপা (মাহিয়া) নামে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। গতকাল বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে উপস্থিতি হয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মাহি। এ সময় তার স্বামী রাকিব সরকার সঙ্গে ছিলেন।
২০২৩ সালের ১ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে নৌকার টিকেট পেলে বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করে গণমাধ্যমে মাহিয়া মাহি বলেন, কমপক্ষে ৫০ হাজার ভোটের ব্যবধানে আমি জিতব। এই আসনে নৌকাকে এনে দেব। তিনি আরো বলেন, আমি বলে বুঝাতে পারব না, আমার যে কত খুশি লাগছে, আমি যে কত গর্বিত। বাংলাদেশের ইতিহাস যত দিনের, আমি যে দলের নমিনেশন ফরম কিনেছি, সেই দলের বয়স ততদিনের। আমি সেই দলের নমিনেশন কিনেছি, এর চাইতে খুশির বিষয় হতে পারে না।
মনোনয়ন পাওয়ার ব্যাপারে কতটুকু আশাবাদী- এমন প্রশ্নে মাহি বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে একজন নারী। নারী নেতৃত্বকে তিনি অগ্রধিকার দিচ্ছেন। মেট্রোরেলের প্রথম চালক ছিলেন নারী। শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য শুনলে বুঝতে পারবেন, তিনি নারী নেতৃত্বকে কতটুকু অগ্রাধিকার দিচ্ছেন। সেক্ষেত্রে আমি একজন নারী হিসেবে মনোনয়নের ব্যাপারে খুবই আশাবাদী।
মাহিয়া মাহি বলেন, রাজশাহীতে আমার বাড়ি হলেও চাঁপাইনবাবগঞ্জেও আমাদের বাড়ি রয়েছে। এই দুই জেলার মানুষ ইতোমধ্যে আমাকে আপন করে নিয়েছে। ঠিক তেমনই তাদের প্রতিও রয়েছে আমার ভালোবাসা। আমি মানুষের সেবা করতে চাই। এই অঞ্চলের মানুষ চায়, আমি নির্বাচনে অংশ নেই এবং আমি তাদের পাশে থাকি।
এদিকে গতকাল সচিবালয়ে নিজ দপ্তরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, চিত্রনায়িকা মাহি উপনির্বাচনে প্রার্থী হতে চান।
আমি বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। আমরা খোঁজ নিয়ে জেনেছি- মাহির পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। মাহি নিজেও আওয়ামী লীগ করেন। ফলে তাকে মনোনয়নপত্র কেনার
অনুমতি দেয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড প্রার্থী চূড়ান্ত করবে।
প্রসঙ্গত, কিছু দিন আগেই ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহিয়া মাহি। তার স্বামী রাকিব সরকারও রাজনীতিতে সক্রিয়। তিনি গাজীপুর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য।

0 মন্তব্যসমূহ